RED

আজকের পত্রিকা

অরিজিৎ সিংয়ের কণ্ঠ আর শাহরুখ খানের রোম্যান্টিক ম্যানারিজম- এই দুইয়ের মেলবন্ধন ঘটলেই যে পর্দায় ম্যাজিক তৈরি হয়, তা বললেও অত্যুক্তি হয় না। সে ‘জওয়ান’ সিনেমার ‘ছলিয়া’ হোক কিংবা ‘রং দে তু মোহে গেরুয়া’ থেকে ‘ঝুমে জো পাঠান’। অরিজিতের (Arijit Singh) সুরে কিং যখনই লিপ মিলিয়েছেন, তা চার্টবাস্টার কাঁপিয়ে দিয়েছে। সেই ধারা বজায় রাখতে ‘কিং’ সিনেমাতেও যে অরিজিৎ সিংয়ের গান রয়েছে, আগেভাগেই জানিয়েছিলেন বলিউড বাদশা। কিন্তু বছর দুয়েকের মহাযজ্ঞের পর এযাবৎকাল প্রচারঝলকে উন্মাদনার পারদ চড়ালেও এখনও কোনও গান প্রকাশ্যে আনেনি শাহরুখ (Shah Rukh Khan)। কেন? এবার নিজেই জানালেন।ঘোষণার পর থেকেই ৪০০ কোটি বাজেটের ‘কিং’ (King) নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। স্বাভাবিকভাবেই ছবির প্রতিটি আপডেটে নজর ভক্তমহলের। একদিকে তাঁরা যখন শাহরুখের মারাকাটারি অ্যাকশন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত, আরেকদিকে ‘কিং’ ছবিতে অরিজিতের গান শোনার জন্যেও তাঁদের চাতক পাখির দশা। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার শাহরুখ যখন সোশাল মিডিয়ায় প্রশ্নোত্তর পর্ব শুরু করেন, তখন জনৈক অনুরাগী আবদার করে বসেন যে, ‘কিং-এর একটা গান অন্তত প্রকাশ্যে আনুন।’ ভক্তের আর্জি নজর এড়ায়নি বাদশার। কেন আজ পর্যন্ত কোনও গান রিলিজ করতে পারেননি? সেকথা জানাতেই শাহরুখ লেখেন, ‘রিলিজ করেই দিতাম। তবে এখনও অরিজিৎ দাদার শেষমুহূর্তের কাজবাকি। ও আসলে পারফেকশনিস্ট। তাই নিখুঁত কাজ করতে কিছুটা সময় তো লাগবেই।’ অতঃপর ‘কিং’ছবিতে যে বড়সড় সারপ্রাইজ অপেক্ষা করছে অনুরাগীদের জন্য, তা বলাই বাহুল্য।ছাব্বিশ সালের জানুয়ারি মাসেই প্লেব্যাকদুনিয়া থেকে বাণপ্রস্থ ঘোষণা করেছিলেন অরিজিৎ। তবে প্রতিশ্রুতিমাফিক তিনি যে চুক্তিভিত্তিক কাজগুলো সারবেন, সেকথা তখনই জানিয়ে দেন। সেই তালিকায় শাহরুখের ‘কিং’ও রয়েছে। মেগাবাজেট সিনেমার ঝলক দেখে অনেকেরই অনুমান, এই ছবিতে শাহরুখ খানকে তুখড় অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে। কিন্তু নির্মাতারা বলছেন, ‘পিকচার অভি বাকি হ্যায়…’! খতরনাক খলনায়ক অবতারের পাশাপাশি এই সিনেমায় রোম্যান্স করতেও দেখা যাবে বাদশাকে। আসলে কিংয়ের সাড়ে তিন দশকের কেরিয়ারে আসমুদ্রহিমাচলের দর্শকমহলের কাছে রোম্যান্স আর শাহরুখ যেন পরস্পরের সমার্থক হয়ে উঠেছে। তিনি ‘কিং অফ রোম্যান্স’। আজও দু’বাহু প্রসারিত করে ঠোঁটের কোণের একচিলতে হাসি নিয়ে ধরা দিলে শত সহস্র নারীহৃদয়ে ঝড় ওঠে। তবে বিগত একদশকে শাহরুখ খানকে রোম্যান্টিক অবতারে চাক্ষুষ করার সুযোগ পাননি দর্শক-অনুরাগীরা। এবার ‘কিং’ ছবির সুবাদেই অ্যাকশন এবং রোম্যান্টিক দুই অবতারেই ধরা দেবেন শাহরুখ খান। আর পর্দায় বাদশার রোম্যান্টিসিজমে অতিরিক্ত মাত্রা যোগ করবে অরিজিৎ সিংয়ের কণ্ঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *